প্রিন্ট এর তারিখঃ Oct 28, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 27, 2026 ইং
মোংলা বন্দরে পশুর নদীতে কয়লা বোঝাই কার্গো জাহাজ ডুবি

মোংলা বন্দরের পশুর নদীতে ১২শ মেট্রিকটন কয়লা বোঝাই এমভি ফুলবাড়ী নামক কার্গো জাহাজ ডুবির ঘটনা ঘটেছে। গতকাল সোমবার গভীর রাতে সুন্দরী কোঠা এলাকায় একটি তেলবাহী ট্যাংকারে ধাক্কায় ডুবে যায় এই কয়লাবাহী কার্গোটি।
দুর্ঘটনাকবলিত কার্গো জাহাজের কর্মীরা জানান, মোংলা বন্দরের হিরণ পয়েন্টে অবস্থানরত বিদেশি বাণিজ্যিক জাহাজ এম.ভি ইয়াস জুপিটার থেকে কয়লা বোঝাই করে মোংলার উদ্দেশে আসছিল এমভি ফুলবাড়ী। পথিমধ্যে পশুর চ্যানেলের সুন্দরী কোঠা এলাকায় পৌঁছালে এমটি জান্নাতুল ফেরদৌস নামের অপর একটি তেলবাহী ট্যাংকার এমভি ফুলবাড়ী নামক জাহাজটিকে ধাক্কা দেয়। এতে দুর্ঘটনাকবলিত হয়ে ডুবে যায় এমভি ফুলবাড়ী জাহাজ।
মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) কমডোর মো. শফিকুল ইসলাম সরকার বলেন, পশুর চ্যানেল সম্পূর্ণ নিরাপদ রয়েছে। এ চ্যানেল দিয়ে নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে। মালিকপক্ষ দ্রুত জাহাজ তোলার ব্যবস্থা গ্রহণ করছে বলেও জানান তিনি।
© সকল কিছুর স্বত্বাধিকার NNTV